মোঃ ফেরদৌসকিবরিয়া জেলা প্রতিনিধিঃ
নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার এর নেতৃত্বে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করা হয় । শনিবার (২১ শে ফেব্রুয়ারী) সকাল ১০টায় হাসপাতালের সার্বিক পরিবেশ, রোগীসেবা, ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শনকালে হাসপাতালের আঙিনায় জমে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেন ও বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা তাঁর নজরে আসে।
এ অবস্থায় তিনি ঝাড় হাতে হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচীর সূচনা করেন। এসময় দলীয়কর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ, পরিচ্ছন্নতা কর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা হাসপাতাল চত্বরের ঝাড়– ও পরিষ্কার পরিছন্নতার সরঞ্জাম নিয়ে আগাছা পরিষ্কার, ড্রেন পরিস্কার, বর্জ্য অপসারণ এবং ওয়ার্ডসমূহ জীবাণুমুক্ত করার কার্যক্রমে অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা শাখার উপজেলা আমীর অধ্যাপক মাওঃ মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারী কাজী রুকুনুজ্জামান বকুল, নীলফামারী সদর থানা এসিস্টান্ট সহকারী এ্যাডঃ মামুনার রশিদ পাটোয়ারী, ডিমলা সদর ইউনিয়নের আমীর মাওঃ নুর মোবাশ্বের সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, হাসপাতাল এমন একটি জায়গা যেখানে মানুষ সুস্থ হওয়ার আশায় আসে। এখানে নোংরা পরিবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিচ্ছন্নতা নিশ্চিত করা গেলে রোগ সংক্রমণও অনেকাংশে কমে যাবে।
তিনি হাসপাতালের নিয়মিত মনিটরিংয়ের ওপর গুরুত্বারোপ করে বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা একটি চলমান প্রক্রিয়া এটি একদিনের কাজ নয়, বরং প্রতিদিনের দায়িত্ব। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন, হাসপাতালের ভেতর ও বাহিরে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে, বর্জ্য ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা চালু রাখতে, রোগী ও স্বজনদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও পানির লাইনের সমস্যা সহ ডাক্তার, নার্স, ও কর্মচারীর সংকট দ্রুত সমাধান করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, এমপির এ উদ্যোগ হাসপাতালের পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। চিকিৎসক ও নার্সরাও নিয়মিত তদারকির মাধ্যমে পরিচ্ছন্নতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Post a Comment